রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে কুখ্যাত কিশোর গ্যাং চান গ্রুপের প্রধান সোহেল ওরফে চান ওরফে কালাচানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। রায়েরবাজার ইদ্রিস খান রোডের ক্যান্সার গলি থেকে কালাচানকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম। তিনি জানান— “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চান গ্রুপের নেতা কালাচান ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর অভিযান চালিয়ে তাকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।”
এসআই নাজমুল ইসলাম আরও জানান— “কালাচান ছাড়াও চান গ্রুপের আরও সদস্যরা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত। তাদেরকেও শিগগিরই আইনের আওতায় আনা হবে।কালাচানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও ছিনতাই মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং “চান গ্রুপ” পরিচালনা করতেন। ”
স্থানীয়দের অভিযোগ, এই গ্রুপ নিয়মিতই এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এর আগেও কালাচানকে কয়েকবার গ্রেপ্তার করা হলেও জামিনে বেরিয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে।
গ্রেপ্তার সোহেলের বাড়ি বরগুনা জেলার আমতলী থানার রাঙ্গাবালী গ্রামে। তিনি ওই এলাকার হাসান মিয়ার ছেলে। বর্তমানে মোহাম্মদপুরের রায়েরবাজার আজিজ খান রোডে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
গ্রেপ্তারের পর কালাচানকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, এ ঘটনায় এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে।
এসএএ//



