রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের ৫ নম্বর রোডের ডি ব্লকে দিনে দুপুরে চাপাতি ঠেকিয়ে ৪১ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ফেরদৌস (২০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত অটোরিক্সাটি উদ্ধার করা হয়।
বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকা থেকে ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।”
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন জানান, ‘গত ৭ আগস্ট বিকেলের দিকে ঢাকা উদ্যান ৫ নম্বর রোডের ডি ব্লকের ১৪ নম্বর বাসার সামনে দিয়ে পাঠাও কুরিয়ার সার্ভিসের এক কর্মী সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারীরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র ঠেকিয়ে ৪১ হাজার টাকার বেশি ছিনিয়ে নেয় এবং অটোরিক্সায় করে দ্রুত পালিয়ে যায়।”
ঘটনার দুই দিন পর ভুক্তভোগী মোহাম্মদ নাজিম উদ্দিন মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে আসামিদের শনাক্ত করার চেষ্টা চালায়। এর ধারাবাহিকতায় কেরানীগঞ্জ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত অটোরিক্সা ও চালক ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়।”

এসআই মোমিন আরও বলেন, ‘এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ফেরদৌস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
উল্লেখ্য, ৭ আগস্ট বিকাল ৪ টা ১০ মিনিটে পাঠাও কুরিয়ার কর্মী নাজিম উদ্দিনের কাছ থেকে ৪১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় একদল ছিনতাইকারী। এ ঘটনায় ৯ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়।”
এসসি//



