গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় নৃশংসভাবে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের পরিচয় শনাক্ত করার পর শুক্রবার রাতে গাজীপুর মহানগর পুলিশের পৃথক অভিযানে তাদের ধরা হয়।‘
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উত্তরের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রবিউল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সময় সিসিটিভি ফুটেজে দা, ছুরি ও চাপাতি হাতে যাদের দেখা গেছে, গ্রেপ্তারকৃত ৪ জন তাদের মধ্যে রয়েছে।’
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—ঘটনার শুরুতে ভিডিওতে দেখা সেই নারী, যাকে কেন্দ্র করেই হামলার সূত্রপাত হয়। তার নাম গোলাপি। গোলাপির স্বামী ফয়সাল ওরফে কেটু মিজানও গ্রেপ্তারকৃতদের তালিকায় আছেন। এছাড়া চাপাতি হাতে, দাড়ি ও মাথায় ক্যাপ পরা অবস্থায় কোপানোর জন্য দৌড়াতে দেখা যায় যে যুবককে, সে হলো স্বাধীন। অপর গ্রেপ্তারকৃত আল আমিন এবং আরেকজন সুমন নামে এক যুবকও পুলিশের হাতে ধরা পড়েছে।
এডিসি রবিউল ইসলাম বলেন, “সাংবাদিক তুহিন হত্যার পর থেকেই পুলিশের একাধিক টিম বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর আসামিদের সনাক্ত করা হয় এবং তাদের অবস্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়। তদন্তের স্বার্থে এখনই সব বিস্তারিত বলা সম্ভব নয়। তবে অভিযান অব্যাহত রয়েছে এবং আশা করা হচ্ছে দ্রুতই সকল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে।”
উল্লেখ্য, কয়েকদিন আগে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে এবং দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে।”
এসসি//



