রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত আল আমিন হত্যা মামলার প্রধান দুই আসামিকে ভোলার চরফ্যাশন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ মোশারফ হোসেন (২৬) ও মোঃ রিপন ওরফে গিট্টু রিপন (২৪)।”
র্যাব-২ ও র্যাব-৮-এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (১৮ জুলাই) চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মামলাটি রুজু হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।”
পূর্ব শত্রুতার জেরে খুন
শনিবার র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু জানায়, নিহত আল আমিন একজন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে তিনি মোশারফের ছোট ভাই মান্নানকে ছিনতাই ও মাদক সংক্রান্ত অভিযোগে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করেন। এই ঘটনার জের ধরে কিশোর গ্যাং লিডার মোশারফ ও তার সহযোগীরা আল আমিনকে হত্যার পরিকল্পনা করে।”
গত ১৬ জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আল আমিনের ওপর অতর্কিতে হামলা চালায় অভিযুক্তরা। ধারালো সামুরাই দিয়ে আল আমিনের শরীরে একাধিকবার আঘাত করে তার হাঁটুর রগ কেটে ফেলে এবং একটি আঙুল কেটে নেয়। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় আল আমিনকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৫৯, তারিখ-১৭/০৭/২০২৫, ধারা-৩০২/৩৪)। পরবর্তীতে র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মোশারফ পেশায় রিকশাচালক হলেও মূলত সে মোহাম্মদপুর-আদাবর এলাকায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও হত্যাসহ বিভিন্ন অপরাধে যুক্ত ছিল। এর আগেও একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধে লিপ্ত হয়।”
অন্যদিকে, রিপন ওরফে গিট্টু রিপন পেশায় রংমিস্ত্রি হলেও মোশারফের নেতৃত্বে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত।”
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই-বাছাই করে ভবিষ্যতে আরও অভিযান চালানো হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাবের এই কর্মকর্তা।”

এর আগে সোর্স আলামিনকে হত্যার ঘটনায় জড়িত আকাশ(২৮) নামে আরো একজনকে গ্রেপ্তার করে র্যাব।
এসসি//



