রাজধানীর মুগদা এলাকায় ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার এক যুবক মারা গেছেন। নিহত যুবকের নাম আলমিন (২০)।”
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার (ওসেক) ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার জানান,
“বুধবার (২ জুলাই) রাত পৌনে ১০টার দিকে মুগদা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশনের সামনের রাস্তায় ছিনতাই করার সময় এলাকাবাসী ওই যুবককে ধরে ফেলে। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়।”
পরে পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় আলমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান।”
পুলিশ কর্মকর্তা আরও জানান,
“ঘটনার পরপরই ভুক্তভোগী কামরুজ্জামান মুগদা থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মৃত আলমিনের বিস্তারিত পরিচয় ও ঠিকানা এখনও যাচাই-বাছাই চলছে।”
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত যুবকের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এসসি//



