খাগড়াছড়ি থেকে ঢাকায় এইচএসসি পরীক্ষা দিতে এসে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন রিনা ত্রিপুরা (২০) নামের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর কলাবাগানের মেহেরুন্নেসা গার্লস কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে।”
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। বর্তমানে তিনি ঢামেকের ২০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।”
ছিনতাইয়ের শিকার রিনা ত্রিপুরা জানান,
“সকালবেলা আমি রিকশায় করে হোস্টেলে ফিরছিলাম। হঠাৎ দুইজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে আমার মাথা ও ঘাড়ে কোপ দেয় এবং ব্যাগে থাকা মোবাইল, টাকা, অ্যাডমিট কার্ড ও অন্যান্য কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।”
আহত রিনার ভাই জুয়েল ত্রিপুরা জানান,
“আমার বোন কলাবাগানের মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিল। তখন ICT বিষয়ে ফেল করেছিল। এ বছর ৭ জুলাই সেই সাবজেক্টে আবার পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু এখন তার পরীক্ষা অনিশ্চিত হয়ে গেছে। ছিনতাইকারীরা তার অ্যাডমিট কার্ডসহ প্রয়োজনীয় সব কিছু নিয়ে গেছে। এখন সে কীভাবে পরীক্ষা দেবে?”
তিনি আরও জানান, রিনা ঢাকায় ওই কলেজের হোস্টেলে থাকতেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ভোরে খাগড়াছড়ি থেকে ঢাকায় এসে রিকশায় হোস্টেলে ফিরছিলেন।”
এ বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন,
“ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। ঘটনায় যারা জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। আশপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। তবে এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি।”
এসসি//



