রাজধানীর আদাবর এলাকায় পথরোধ করে দেশীয় অস্ত্র ঠেকিয়ে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা না নিয়ে ‘মোবাইল হারিয়েছে’ মর্মে সাধারণ ডায়েরি (জিডি) করিয়ে দিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ জুন) রাতে, নবোদয় হাউজিং এলাকার একটি ব্রিজের ওপর।
🎥 সিসিটিভি ফুটেজে ছিনতাই স্পষ্ট
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ১০টা ৪০ মিনিটে তিন যুবক ব্রিজের পাশে এসে একটি রিকশা থামায়। এরপর তারা রিকশায় থাকা ব্যক্তিদের ধারালো চাপাটি ঠেকিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। আশপাশে গাড়ি ও রিকশা থাকলেও কেউ এগিয়ে আসেনি।
ভুক্তভোগী ইব্রাহীম জানান,
“দোকান বন্ধ করে আমি ও বন্ধু নাহিদ বাসায় ফিরছিলাম। নবোদয় হাউজিং খালপাড়ের বড় মসজিদের ব্রিজে উঠতেই তিনজন অস্ত্র হাতে আমাদের রিকশা থামিয়ে ধরে। এরপর চাপাটি দিয়ে মারধর করে এবং আমাদের কাছ থেকে আইফোন ১৫ প্রো ম্যাক্সসহ তিনটি দামি ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।”
তাদের চিৎকারে কিছু লোক আসেন, পরে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। আদাবর থানা থেকে এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে এসে তাদের থানায় যেতে বলেন।”
🚨 মামলা নয়, জিডি করিয়ে দেওয়া হয়
রাতেই থানায় গেলেও পুলিশ তাদের পরদিন সকালে আসতে বলে। পরে থানায় গেলে মোবাইল হারানোর জিডি করতে বাধ্য করা হয়।
ইব্রাহীম বলেন, “পুলিশ চাইলেই ওই রাতেই মামলা নিতে পারত। কিন্তু তারা শুধু মোবাইল হারানোর একটা সাধারণ ডায়েরি করিয়ে আমাদের বিদায় দেয়।”
👮 তেজগাঁও এডিসি বললেন ব্যবস্থা নেওয়া হবে
এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, “ঘটনাটি আমি জানতাম না। খবর পেয়ে বিষয়টি জেনেছি। খুব দ্রুত দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হবে।”
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ভরসা রেখেও যখন ভুক্তভোগীরা ন্যায়বিচার পান না, তখন তা জনগণের আস্থাকে প্রশ্নের মুখে ফেলে। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ঘটনার সিসিটিভি ভাইরাল হয়ে গেছে।
এসএএ//



