নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচপুর এলাকায় পারিবারিক কলহের জেরে এক মা ও তার পাঁচ বছরের শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।নিহতরা হলেন—মিতু (২২) ও তার সন্তান রোহান (৫)। মিতুর বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার মাঝেরচর এলাকায়। তিনি স্বামী ও সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জের কাচপুর এলাকায় ভাড়া থাকতেন।’
স্থানীয় সূত্র ও পরিবারের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে মিতু নিজের পাঁচ বছর বয়সী সন্তান রোহানকেও সঙ্গে নিয়ে বিষপান করেন।
তাদের দুজনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক শিশু রোহানকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় মিতুকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। পরে রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।’
মিতুর মা নূর সাহারা বেগম বলেন, “আমার মেয়ের জামাই একজন দিনমজুর। দুপুরে ওদের মধ্যে ঝগড়া হয়। এরপর আমার মেয়ে বিষ খায় আর ছেলেকেও খাইয়ে ফেলে। পরে হাসপাতালে আনার পর দুজনেই মারা যায়। সব শেষ হয়ে গেল আমার।”
তিনি আরও জানান, গত কয়েকদিন ধরেই মিতু ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “রাত সাড়ে ৯ টার দিকে মা ও ছেলেকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন এবং মাকে ভর্তি করা হয়। পরে বেসরকারি হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।”
তিনি আরও জানান, ঘটনাটি সংশ্লিষ্ট সোনারগাঁও থানা পুলিশকে অবহিত করা হয়েছে, এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এসসি//



