গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসান (৫২)। এ ঘটনায় তার স্ত্রী লতিফা জেসমিন (৪৮) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে গাজীপুর পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজ হাসান রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি নওগাঁ জেলা পুলিশের ডিবি শাখার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লাইন্সের সামনে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই মোস্তাফিজ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওসি মোস্তাফিজ হাসান ও তার স্ত্রী লতিফা জেসমিন ব্যক্তিগত গাড়ি পার্ক করে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়িগামী সাথী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে দুজনেই গুরুতর আহত হন।’
দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওসি মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রীকে গুরুতর অবস্থায় ঢামেকে পাঠানো হয়।’
এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করেছে পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার বলেন, “ওসি মোস্তাফিজ হাসান ডিবি পুলিশে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে স্বজনদের কাছে গিয়েছিলেন। এভাবে সহকর্মীকে হারানো অত্যন্ত বেদনাদায়ক।”
এসসি//



