বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফেসবুকে পোস্ট দেওয়ায় মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ অন্তরকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, “দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসহাক আহমেদ অন্তরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।” জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।
🔹 ফেসবুক পোস্ট ঘিরে শৃঙ্খলাভঙ্গ অভিযোগ
জানা গেছে, গত ১৫ আগস্ট নিজের ফেসবুক আইডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে পোস্ট দেন ইসহাক আহমেদ। পোস্টে তিনি লিখেছিলেন—
“জন্ম অথবা মৃত্যুর কোনো বিশেষত্ব নেই, মুখ্য হলো মানুষের হৃদয় জয় করা…। শুভ জন্মদিন দেশ মাতা, বিনম্র শ্রদ্ধা জাতির পিতা…।”
এই পোস্টের পর জেলা ছাত্রদল তাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়। তবে সরাসরি জবাব না দিয়ে তিনি আরেকটি ফেসবুক পোস্টে স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।
🔹 ইসহাক আহমেদের প্রতিক্রিয়া
নিজের পোস্টে তিনি লেখেন, “আমার ব্যক্তি দর্শন, মুক্তচিন্তা, অহিংসা, ভিন্নমত পোষণ করার মানসিক ভাবনাটা যদি হয় ছাত্রদলের শৃঙ্খলাভঙ্গ, তবে আমি আমার সকল রাজনৈতিক পদ-পদবি থেকে অব্যাহতি নিলাম।”
তিনি আরও যোগ করেন, “যাদের আত্মত্যাগে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তারা যেকোনো দলের, ধর্মের, বর্ণের বা অঞ্চলের হোক না কেন—তাদের প্রতি আমার শ্রদ্ধা বহমান থাকবে। আমি বাংলাদেশের পাশে, দলের পাশে, নির্যাতিত মানুষের পাশে থাকব, ইনশা আল্লাহ।”
🔹 উপজেলা ছাত্রদলের বক্তব্য
মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব বলেন, “দলের গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি এ ধরনের পোস্ট দিতে পারেন না। এটি দলের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী। শোকজের জবাব বিনয়ের সঙ্গে দেওয়ার বদলে তিনি ঔদ্ধত্য দেখিয়েছেন। ফলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।”
এসসি//



