'ফরিদপুরের বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় বোরহান উদ্দিন (২৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।'
‘নিহত এসআই বোরহান উদ্দিন যশোরের অভয়নগর উপজেলার পায়রা গ্রামের কোবাদ আলীর ছেলে। তিনি মাগুরার মহম্মদপুর থানায় এক বছর ধরে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত এক আসামি ধরতে যাচ্ছিলেন।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘বোরহান উদ্দিন মোটরসাইকেল চালিয়ে মহম্মদপুর থানা থেকে বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। পথে সোতাসী ব্রিজ সংলগ্ন এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
দুর্ঘটনার খবর নিশ্চিত করে মহম্মদপুর থানার উপ-পরিদর্শক মামুন হোসেন বলেন, “তিনি আমাদের থানার এসআই ছিলেন। মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পেয়েছি।”
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

এদিকে, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।”
বোয়ালমারী থানার ওসি মাহামুদুল হাসান বলেন, “তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। মরদেহ বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।”
এই ঘটনায় পুলিশ বিভাগের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’
এসসি//



