স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে করা মামলার তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি। তিনি বলেন, “তদন্ত শেষে যদি তিনি দোষী প্রমাণিত হন, তবে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। আর যদি নির্দোষ প্রমাণিত হন, তবে তাঁকে মুক্তি দেওয়া হবে।”
সোমবার (৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসনিম বেগমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমনের বিষয়ে পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তদন্ত চলছে। তিনজন উপদেষ্টা বিষয়টি খতিয়ে দেখছেন। তাঁদের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্যরা দোষী হলে শাস্তি পাবে, নির্দোষ হলে ছাড় পাবে।”
আড়াইহাজার এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া ডাকাতির প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই এলাকা ডাকাতকবলিত। ডাকাতি ও মাদকের বিরুদ্ধে জনগণকে সচেতন হতে হবে। পুলিশ কাজ করছে, তবে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই অপরাধ পুরোপুরি রোধ সম্ভব নয়।”
পুলিশের অবকাঠামো ও সক্ষমতা বাড়ানোর কথা উল্লেখ করে তিনি আরও জানান, “আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের ব্যাংকিং খাতের উন্নতি হয়েছে। অর্থনীতির অবস্থাও ভালো হচ্ছে। পুলিশের জন্য ২০০টি নতুন গাড়ি কেনা হচ্ছে এবং ভবিষ্যতে প্রতিটি থানায় পর্যাপ্ত যানবাহন সরবরাহ করা হবে।”
এসসি//



