রাজধানীর খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকায় ভবনের ছয়তলা থেকে পড়ে রিফাত (২১) নামে এক এসি মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।'
জানা গেছে, রিফাতের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাজিতলা গ্রামে। তিনি জসিম উদ্দিনের ছেলে এবং বর্তমানে রাজধানীর মুগদার মান্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মৃত মিস্ত্রির সহকর্মী আলআমিন বলেন,জোড়পুকুরের ১৪৭/২/সি বাসার বাইরে এসির আউটডোর ইউনিটের কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান রিফাত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে বিকেল সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “খিলগাঁও এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।”
এসসি//



