রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় হঠাৎ করেই মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী মিছিল করে স্লোগান দিচ্ছেন—
“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”,
“শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে”,
“ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”।
তবে মিছিলটি দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র কয়েক মিনিট পরই তা শেষ হয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, “আজ বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি-২৭ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করেছে বলে জানতে পেরেছি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে ৪টার দিকে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তারা সবসময় অল্প সময়ের জন্য মিছিল করে।”
ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, “আমরাও শুনেছি, তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নিষিদ্ধ ঘোষণার পরও আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন মিছিল এবং ককটেল বিস্ফোরণের ঘটনা রাজধানীর নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে।’
এসসি//



