রাজধানীর মোহাম্মদপুরের বছিলা আরাম মডেল টাউনে ছিনতাই করতে এসে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাজ্জাদ হোসেন (১৮)। তিনি ভোলা জেলার লালমোহন থানার গজারিয়া এলাকার মৃত শাজাহান হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর আসে যে, বছিলায় এক ছিনতাইকারী আটক রয়েছে। খবর পেয়ে রোমিও-৬৩ টহল টিমের দায়িত্বে থাকা এসআই পবিত্র কুমার মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা ৮০-১০০ জন জনতার মাঝে এক যুবককে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।”

পাশে পড়ে ছিল একটি চাপাতি এবং একটি ভাঙাচোরা সিএনজি। পরে আহত যুবককে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ৪-৫ জনের একটি ছিনতাইকারী দল বাবু নামের এক ব্যক্তির সিএনজি ছিনতাই করে। পরে ওই সিএনজি দিয়েই তারা ছিনতাই করছিল। এক পর্যায়ে সিএনজি উল্টে গেলে সাজ্জাদ ধরা পড়ে যায় এবং জনতা তাকে আটক করে। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই)পবিত্র কুমার মণ্ডল বলেন, “ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও ভাঙা সিএনজি উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সুরতহাল ও ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে।”
স্থানীয়রা জানান, এলাকাটি দীর্ঘদিন ধরেই ছিনতাইকারীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। বিশেষ করে ভোর ও রাতের বেলায় ছিনতাইকারীরা সক্রিয় হয়ে ওঠে।
এসসি//



