নারায়ণগঞ্জের আড়াইহাজার চৈতনকান্দা এলাকায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে মো আব্দুল হান্নানকে(৬২) কোদাল দিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার(১৫ এপ্রিল) ‘সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুল হান্নানের মেয়ের জামাই মোঃ খায়রুল হোসেন জানান, দীর্ঘদিন যাবত জমি জমা নিয়ে সুবহান গংদের সাথে মামলা মোকদ্দমা চলছে। আজ সকালে আমার শশুর বাড়ির পাশে জমিতে যায়।সেখানে সুবহান, হোসেন আলী, পারভেজ, মনির ও মাহিন মিলে আমার শ্বশুরকে পিটিয়ে ও কোদাল দিয়ে মাথায় কোপ দিয়ে গুরুতর রক্ত জখম করে। পরে তারা আমার শ্বশুরকে বাড়ির সামনে আহত করে ফেলে যায়। এরপর আহত অবস্থায় তাকে আমরা প্রথমে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে ৩০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।
এই বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনায়েত হোসেন বলেন, আমি ঘটনার বিষয়টি জানি এবং আমি এই ঘটনাস্থলে গিয়েছিলাম। দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিষয়ে নিয়ে আজকে ওই বৃদ্ধকে তারা আহত করেছে। আমরা এখন পর্যন্ত এই বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আমরা মামলা নিব।’
এসসি// নারায়ণগঞ্জ



