➡গাজীপুরের গাছা থানার হারিকেন এলাকার ডেগের চালার একটি বাসায় লাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারীশিশুসহ তিনজন দগ্ধ হয়েছে।’
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালের দিকে এই ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় দুপুরের দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।দগ্ধরা হলেন- গার্মেন্টস কর্মী হারিস মিয়া (৫০) ও তার স্ত্রী গার্মেন্টস কর্মী আয়েশা আক্তার (৪০) এবং তাদের স্কুল পড়ুয়া ছেলে মইনুল ইসলাম (১২)।
তাদের বাড়ি সিলেটের সুনামগঞ্জে।বর্তমানে তারা গাজীপুর গাছা থানা এলাকায় ভাড়া থাকেন।
দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা আত্মীয় লিপি আক্তার জানান, ‘আজ সকালে সবাই ঘুমিয়ে ছিল।পরে রান্না ঘরে হারিস মিয়ার স্ত্রী গিয়ে গ্যাসের চুলা জ্বালানো মাত্রই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। পরে আমরা জানতে পেরেছি লাইনের গ্যাস লিকেজ থেকে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল। কিন্তু বিষয়টি তারা টের পায়নি তাই এই দুর্ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে আমরা তাদেরকে ঢাকার বার্ন ইন্সটিটিউটে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক।;
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান জানান, ‘গাজীপুর থেকে একই পরিবারের তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে হারিস মিয়ার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ,আয়েশা আক্তারের শরীরে ৬০ শতাংশ ও মইনুল ইসলামের শরীরের ৩৩ শতাংশ দগ্ধ রয়েছে।দগ্ধের পরিমাণ বেশি হয় তারা সবাই আশঙ্কার জনক অবস্থায় রয়েছে।
এসসি//



