ছুটির আমেজে সমুদ্রের সান্নিধ্যে দারুণ সময় কাটাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অবকাশযাপনের কিছু মুহূর্ত ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে একা ঘুরতে পছন্দ করার কারণও জানিয়েছেন এই অভিনেত্রী।প্রভা বর্তমানে শ্রীলঙ্কার মিরিসা সৈকতে অবস্থান করছেন।
সেখানকার একটি মনোরম জায়গার ভিডিও শেয়ার করে তিনি জানান, স্থানটি কোকোনাট বিচ অথবা কোকোনাট ট্রি হিল নামে পরিচিত। জায়গাটির সৌন্দর্য, চমৎকার দৃশ্য ও মনোরম আবহাওয়া তাঁর বেশ ভালো লাগছে।আরেকটি ভিডিওতে একা ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন প্রভা।
তিনি জানান, অনেকেই তাকে প্রশ্ন করেন, একা একা ঘুরতে তার বিরক্ত লাগে কি না। তবে সুন্দর জায়গায় ঘুরতে গেলে একাকিত্ব বা বিরক্তি কাজ করে না বলেই মনে করেন তিনি।প্রভা বলেন, তার বন্ধুদের ব্যায়াম বা বেশি হাঁটাহাঁটি পছন্দ নয়। অথচ তিনি যেসব জায়গায় ঘুরতে যান, সেগুলোতে অনেক হাঁটতে হয়। এ কারণে বন্ধুরা নানা অজুহাত দেখান।
কেউ পায়ের মালিশ করানোর কথা বলেন, কেউ দুপুরের খাবারের সময় খাবার খাওয়ার কথা বলেন, আবার কেউ এত হাঁটতে পারবেন না বলে জানান।বন্ধুদের এসব অজুহাতের কারণে তাঁদের রেখে একাই ঘুরতে বের হন বলে জানান প্রভা।
তার ভাষায়, ‘এই জন্য আমি ওদেরকে রেখে আসি, আর আমি একা একা ঘুরতে পারি।’এদিকে সমুদ্রের মনোরম পরিবেশে সাঁতার কাটার ইচ্ছার কথাও জানিয়েছেন অভিনেত্রী। সব মিলিয়ে শ্রীলঙ্কার মিরিসায় নিজের মতো করে অবকাশযাপনের সময় উপভোগ করছেন তিনি।
এসসি//




