চট্টগ্রাম নগরের বন্দর থানার সাগরতীরে কাশবনের ভেতর থেকে শামীম মকসুদ খান জয় (২৬) নামে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)-এর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার হাত–পায়ের রগ কাটা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।’
রবিবার (১৯ অক্টোবর) রাতে বন্দর থানার আনন্দবাজার আউটার রিং রোডসংলগ্ন সাগরতীরে ঘটনাটি ঘটে।’
নিহত জয় এআইইউবি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়, তবে তিনি চট্টগ্রামের বন্দর আবাসিক এলাকার বড়পোল মহল্লায় মা–বাবার সঙ্গে থাকতেন।’
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, “রাতে স্থানীয় কয়েকজন কাশবনের ভেতরে রক্তাক্ত অবস্থায় শামীমকে পড়ে থাকতে দেখে খবর দেন। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও বলেন, “নিহতের হাত–পায়ের রগ কাটা ছিল। ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত চলছে।”
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে জয় একটি ফোনকল পান, এরপর চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন বলে বাসা থেকে বের হন, তবে মোবাইল ফোনটি বাসায়ই রেখে যান। রাতে তার মরদেহ উদ্ধার হয়।
পুলিশ বলছে, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। বন্দর থানা পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এসসি//



