ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে চিকিৎসাধীন এক ছেলে শিশু মারা গেছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবজাতকদের মা প্রিয়ার ননদ ফারজানা আক্তার। তিনি জানান, জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের এনআইসিইউতে রাখা হয়েছিল এবং বাকি তিনজনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঢামেকে থাকা এক ছেলে নবজাতক সন্ধ্যায় মারা যায়। বর্তমানে ঢামেকে দুই নবজাতক চিকিৎসাধীন এবং বাকি তিনজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন এক নবজাতক সন্ধ্যার দিকে মারা গেছে। বর্তমানে এখানে আরও দুইজন চিকিৎসাধীন রয়েছে।”
এর আগে রোববার সকাল ৯টার দিকে ঢামেকের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে নোয়াখালীর সেনবাগ উপজেলার প্রিয়া (২৩) একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং তিনজন মেয়ে ছিল।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রিয়া ২৭ সপ্তাহের গর্ভে সন্তান প্রসব করেন, যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিশুদের ওজনও গড়ে ৮০০ থেকে ৯০০ গ্রামের মধ্যে ছিল। এজন্য তাদের জীবন বাঁচাতে বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এদিকে, নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তবে বাকি পাঁচ নবজাতক এখনো চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা বলছেন, পরবর্তী কয়েকদিন শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।’
এসসি//



