রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় স্থানীয়দের গণপিটুনিতে ইয়ামিন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহযোগী ফাহিম (২৩) গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন রোড নং-১২, ব্লক-ই এর শেষ মাথায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয়রা দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামিন মারা যান।’
নিহত ইয়ামিন ভোলার লালমোহন থানার চরসকিনা গ্রামের বাসিন্দা মাহবুব মিয়ার ছেলে। বর্তমানে তিনি রাজধানীর ঢাকা উদ্যান এলাকায় বসবাস করতেন।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার(এসি) এ কে এম মেহেদী হাসান জানান, “মোহাম্মদপুরের চন্দ্রিমা এলাকায় মোবাইল ছিনতাইয়ের সময় দুই যুবককে জনতা গণপিটুনি দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে ইয়ামিনকে মৃত ঘোষণা করা হয় এবং ফাহিম চিকিৎসাধীন রয়েছে।”
তিনি আরও জানান, ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসসি//



