আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে হাজারো প্রাণহানির পর ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ কে খন্দকার ঘাঁটি থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানে এই ত্রাণসামগ্রী পাঠানো হয়। রাতের মধ্যেই আফগানিস্তানে পৌঁছাবে বাংলাদেশের মানবিক সহায়তা।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ পানি ও ওষুধপত্র।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ হাজার মানুষ। ধ্বংস হয়ে গেছে প্রায় ৮ হাজার ঘরবাড়ি। এর ফলে খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে।
প্রধান উপদেষ্টার নির্দেশনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ। এ ছাড়া বেসরকারি খাত থেকেও সহযোগিতা এসেছে—বিজিএমইএ, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল গ্রুপ এ কার্যক্রমে যুক্ত হয়েছে।
বাংলাদেশ এর আগেও আফগানিস্তানের দুর্যোগে সহায়তা করেছে। ২০২২ সালের ভয়াবহ ভূমিকম্পেও বাংলাদেশ ত্রাণ পাঠিয়েছিল। এবারও সেই মানবিক ধারাবাহিকতায় নতুন করে সহায়তা পাঠানো হলো।
এসসি//



