রাজধানীর আদাবরে কিশোর গ্যাং ‘কব্জি কাটা’ গ্রুপের হামলায় গুরুতর আহত হয়েছেন এক পুলিশ সদস্য।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশের অভিযানের সময় এ ঘটনা ঘটে।’
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিংয়ের একটি গ্যারেজে পুলিশ অভিযান চালায়। এসময় কিশোর গ্যাং কব্জি কাটা গ্রুপের সক্রিয় সদস্য জনি ও রনি ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল আল-আমিনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় আরও জড়িত ছিল নাজির, জনি, ওসমান, রনি, দাঁতভাঙ্গা সুজন, কব্জি কাটা হৃদয় এবং গাঁজা ব্যবসায়ী রাজু।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর-আদাবর এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ংকর কিশোর গ্যাং ‘কব্জি কাটা’ গ্রুপ সক্রিয়। গ্রুপটির সদস্য জনি ও রনি আদাবর-১০ নম্বর এলাকার বালুর মাঠকে ঘাঁটি বানিয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণ করে। বর্তমানে গ্রুপের নেতা কব্জি কাটা আনোয়ার জেলহাজতে থাকলেও তার হয়ে গ্যাং সদস্যরা এলাকায় ত্রাস সৃষ্টি করছে। এর আগেও তারা একাধিক হত্যাকাণ্ড ও হামলার সঙ্গে জড়িত ছিল। স্থানীয়রা অভিযোগ করেন, গ্রেফতারের পর অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় একই অপরাধে লিপ্ত হয়।

এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, “রাতে ৯৯৯ নম্বরে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় কনস্টেবল আল-আমিন গাড়ির পাশে ছিলেন। হঠাৎ একটি পক্ষ এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার হাতে গুরুতর কোপ লেগেছে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, ভয়ংকর কিশোর গ্যাং ‘কব্জি কাটা’র সদস্যদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এসসি//



