আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আইন উপদেষ্টা বলেন, “সরকারের পক্ষ থেকে আমাদের যে অবস্থান সেটা আমরা বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের সব রাষ্ট্রীয় কর্মকাণ্ড এই লক্ষ্যকে সামনে রেখে এগোচ্ছে। এখানে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন— ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনকে সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।”
কেয়ারটেকার সরকার প্রসঙ্গ
অনেকে কেয়ারটেকার সরকার নিয়ে আলোচনা করলেও এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানান, “আমি এ ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নই।”
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন আইন উপদেষ্টা। নির্বাচন কমিশনকে প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে কেয়ারটেকার সরকারের কোনো বিকল্প ভাবা হচ্ছে না।
এসসি//



