জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের রাজনীতি করার জাতীয় পার্টির কোনো অধিকার নেই। ঘোষণাপত্রসহ অন্তর্বর্তী সরকার বারবার বলেছে, তিনটি নির্বাচন অবৈধ। অথচ এই নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। ফ্যাসিবাদী শক্তিকে টিকিয়ে রাখতে তারা ভূমিকা রেখেছে। জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাই আর কোনো অবস্থায় তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।'
রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।’
জুলাই গণঅভ্যুত্থানের পরেও উদ্বেগজনক পরিস্থিতি
নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা কল্পনাও করিনি এমন এক দিন দেখতে হবে। এটি শুধু দুঃখজনক নয়, অনাকাঙ্ক্ষিতও নয়, বরং অত্যন্ত উদ্বেগজনক। আমরা কোন সময়ে বাস করছি এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা এখন আমাদের ভাবাচ্ছে।”
তিনি বলেন, নূরের ওপর হামলার ঘটনাটা পুরো জাতিকে উদ্বিগ্ন করেছে। “যখন আমরা ফ্যাসিস্টদের বিচার চাইছি, তখন উল্টোভাবে আমাদেরই নির্যাতনের শিকার হতে হচ্ছে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর অধীনে এই ধরনের হামলা খুবই দুঃখজনক। মনে হচ্ছে গণঅভ্যুত্থানের শক্তিকে দুর্বল করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এমন দৃষ্টান্ত তৈরি করা হচ্ছে।”

জাতীয় পার্টি নিয়ে স্পষ্ট অবস্থান
জাতীয় পার্টি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “জাতীয় পার্টি শুধু গত ১৬ বছর ধরে দালালি করেছে তাই নয়, তারা ’৯০-এর পরাজিত শক্তিও। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে ছাত্রজনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল। কিন্তু পরে রাজনৈতিক আপোষে এরশাদকে পুনর্বাসন করা হয়েছিল, যা ছিল জনগণের সঙ্গে বেইমানি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরে আমরা আর সেই ভুলের পুনরাবৃত্তি হতে দেব না।”
তিনি বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তাদের সহযোগীদের বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করা হবে। “যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের আদালতে বিচারের আওতায় আনা হবে। জনগণের প্রতি আমাদের অঙ্গীকার—বাংলাদেশে নতুন সংবিধান হবে, সংস্কার হবে এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”
ঐক্যের আহ্বান
সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “দেশের এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকুন। এমন কোনো শক্তিকে সমর্থন দেবেন না, যারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। অনেক রক্ত ও সংগ্রামের বিনিময়ে আমরা আজকের অবস্থায় এসেছি। তাই কোনো ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না।”
তিনি নুরুল হক নূরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
এসসি//



