বরিশালের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সিআইডির একটি বিশেষ টিম তাকে তার মামার বাসা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, “রবিবার রাত সাড়ে ১০টার সময় ঢাকার সিআইডি টিম এসে তৌহিদ আফ্রিদিকে তার মামার বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকার উদ্দেশে নিয়ে গেছে।”
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান। তিনি জানান, “তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।”
এর আগে গ্রেপ্তার হন তার বাবা
গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তৌহিদ আফ্রিদির বাবা এবং বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়, যা বর্তমানে সিআইডি তদন্ত করছে। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন রয়েছেন।
এই মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়, এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়। মামলার তালিকায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি।’
১৭ আগস্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছিল জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটির দাবি, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময় নয়, বরং ১৫ আগস্ট আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থায়নের সঙ্গে জড়িত ছিলেন।’
এসসি//



