বিদেশ ভ্রমণ অনেকের কাছেই জীবনের বড় স্বপ্ন। কিন্তু বিমানবন্দরের ইমিগ্রেশন চেক পার হওয়া অনেক সময় হয়ে ওঠে সবচেয়ে দুশ্চিন্তার। প্রয়োজনীয় সব কাগজপত্র থাকলেও সামান্য ভুল কথা বা অসচেতন উত্তর বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। এজন্য ভ্রমণকারীদের সচেতন থাকা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, ইমিগ্রেশন অফিসারদের সব প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত, স্পষ্ট ও ভদ্রভাবে। বিশেষ করে যারা প্রথমবার বিদেশ যাচ্ছেন, তাদের জন্য বাড়তি সতর্কতা আরও বেশি জরুরি।
নিচে তুলে ধরা হলো ইমিগ্রেশনের সময় ভুলেও না বলার মতো ৭টি কথা—
১. ❌ ‘আমি জানি না কোথায় থাকব’
থাকার পরিকল্পনা না থাকলে ইমিগ্রেশন অফিসারদের কাছে তা সন্দেহজনক মনে হবে। হোটেল বুকিং, এয়ারবিএনবি রিজার্ভেশন বা আত্মীয়ের বাসার ঠিকানা প্রমাণ হিসেবে সঙ্গে রাখুন। প্রয়োজনে ক্যানসেলযোগ্য বুকিং করলেও সমস্যা নেই।
২. ❌ ‘আমি এখানে কাজ করতে এসেছি’
ওয়ার্ক ভিসা ছাড়া বিদেশে কাজ করার ইচ্ছা জানানো গুরুতর ভুল। ব্যবসায়িক সফরে গেলে স্পষ্ট করে বলুন— আপনি মিটিং, কনফারেন্স বা প্রশিক্ষণে এসেছেন। অন্যথায় ভিসা বাতিল পর্যন্ত হতে পারে।
৩. ❌ ‘আমি শুধু অনলাইনে পরিচিত বন্ধুকে দেখতে এসেছি’
এমন উত্তর দিলে ইমিগ্রেশন অফিসাররা সন্দেহ করতে পারেন। এর বদলে বলুন আপনি বন্ধুর বা আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, এবং তার পূর্ণ ঠিকানা প্রস্তুত রাখুন।
৪. ❌ ‘আমার ফিরতি টিকিট নেই’
ফিরতি টিকিট ছাড়া ভ্রমণে গেলে ধারণা করা হতে পারে যে আপনি অবৈধভাবে থেকে যাবেন। অন্তত একটি রিফান্ডযোগ্য রিটার্ন টিকিট রাখুন।
৫. ❌ ‘আমি সেখানে গিয়ে পরিস্থিতি বুঝে নেব’
অস্পষ্ট ভ্রমণ পরিকল্পনা ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে অপ্রস্তুতির প্রমাণ। একটি সাধারণ পরিকল্পনাও উপস্থাপন করা ভালো— যেমন কোন শহরে যাবেন বা কী কী স্থান ঘুরে দেখবেন।
৬. ❌ মাদক, বোমা বা অপরাধ নিয়ে মজা
এ ধরনের শব্দ বা মজা কখনোই করবেন না। বিমানবন্দরে এসব বলা গুরুতর অপরাধ হিসেবে ধরা হয়।
৭. ❌ ‘আমার কাছে যথেষ্ট অর্থ নেই’
পর্যাপ্ত অর্থ নেই স্বীকার করলে সন্দেহ তৈরি হবে। তাই ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড বা নগদ অর্থ সঙ্গে রাখুন।
ভুল উত্তর দিলে কী হতে পারে?
ইমিগ্রেশনে ভুল কথা বললে সরাসরি ফেরত পাঠানো না হলেও—
- সেকেন্ডারি ইন্সপেকশন
- ব্যাগ তল্লাশি
- দীর্ঘ জিজ্ঞাসাবাদ
- এমনকি ভিসা বাতিলও হতে পারে।
তাই সবসময় মনে রাখবেন: স্পষ্টতা ও সতর্কতাই ইমিগ্রেশনে নিরাপত্তার মূল চাবিকাঠি।
এসসি//



