“এই দেশ সবার, এখানে আমরা শান্তিতে ও সুন্দরভাবে বসবাস করব—কোনো ভেদাভেদ থাকবে না,” বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, “জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ, সেই আদর্শ এখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়ুক। সেই আদর্শের ভিত্তিতেই আমরা সবাই মিলে সুন্দরভাবে এই দেশে বসবাস করব।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি-বাঙালি ও বিভিন্ন উপজাতি শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করছে। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে—এই সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চিরকাল বজায় রাখা।”
সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আপনারা নিশ্চিন্তে বসবাস করবেন এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করবেন। আমরা একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেব।”
পরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সেনাপ্রধান তিন বাহিনীর প্রধানদের সঙ্গে জন্মাষ্টমীর শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন।”
এসসি//



