রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চলমান সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক সিন্ডিকেটের আধিপত্য বিস্তারের সংঘর্ষের পর যৌথ বাহিনীর অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে তিন থেকে চারজন সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত বলে জানা গেছে।’
গত ১১ ও ১২ আগস্ট ক্যাম্পে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, দেশীয় অস্ত্রের ব্যবহার, ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ এবং গোলাগুলির ঘটনা ঘটে। আজ দুপুরে সংঘর্ষের মধ্যে একজনকে কুপিয়ে হত্যা করা হয়।’
এ ঘটনার পর সন্ধ্যায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন মোহাম্মদপুর সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ। তিনি জানান, “গত দুই দিনের ভিডিও ফুটেজ ও সিসিটিভি পর্যবেক্ষণ করে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করা হয়। প্রাথমিকভাবে ৩৪ জন সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে যাচাই-বাছাই শেষে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।”

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে হেলমেট, লাইফ জ্যাকেট, সামুরাই, চাপাতি, পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সেনা কর্মকর্তা আরও জানান, “এই আসামিদের কাছ থেকে তথ্য নিয়ে বাকি সদস্যদের ধরতে পুনরায় অভিযান চালানো হবে।”
গ্রেপ্তারদের নাম: মতি জামিল (২৮), মোঃ ফয়সাল হোসেন (৩৭), মোঃ আজাদ হোসেন (২২),মোঃ গোলাম রসুল (৪৪),নাসির হোসেন নাচোস (৩০),মোঃ ফাইয়াজ হোসেন (৩৬),মোঃ রাসেল (২৭),মোঃ আল আমিন (২২)
মোঃ হিরা (৩৫), মোঃ মোস্তাক (২৪),মোঃ সাইদ হোসেন (২১), মোঃ শুভ (২৪) ও মোঃ রাকিব (২২)।
পরে গ্রেপ্তার আসামিদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয় এবং বাকি ২১ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সন্ত্রাস নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এসসি//



