আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় বড় ধরনের প্রস্তুতির কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, সারাদেশের ৪৭ হাজার ভোটকেন্দ্রেই একটি করে বডি ক্যামেরা সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। বৈঠকটি অনুষ্ঠিত হয় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ বিষয়ক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে।
উপদেষ্টা বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রতিটি ভোটকেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। ক্যামেরাগুলো মূলত পুলিশের সিনিয়র পোস্টে থাকা কর্মকর্তার কাছে থাকবে।”
তিনি আরও বলেন, “বডি ক্যামেরা ব্যবহারে স্বচ্ছতা বাড়বে এবং নির্বাচনকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে।”
নির্বাচন চলাকালে প্রিজাইডিং অফিসারদের ভোটকেন্দ্রেই অবস্থান করতে হবে, তাদের আর বাসায় ফেরার সুযোগ থাকবে না বলে জানান উপদেষ্টা। তাদের সঙ্গে থাকবে আনসার ও পুলিশ সদস্যরাও।
নির্বাচনকে কেন্দ্র করে আট লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানান তিনি। এর মধ্যে থাকবে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি, এবং সেনাবাহিনী।
“সব বাহিনীকেই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের পরে একটি মহড়াও করব যাতে নির্বাচন পরিচালনায় সকলেই প্রস্তুত থাকে,” বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপদেষ্টা জানান, নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে যাতে পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়।
৭৬ জন কর্মকর্তার সংযুক্ত বদলি প্রসঙ্গে তিনি বলেন, “এটা রুটিন বিষয়। এ ধরনের পদক্ষেপ চলতেই থাকবে।”
সৈয়দ আসিফ আলী //এসসি//



