রাজধানীর কে বি কনভেনশন হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন গেরিলা প্রশিক্ষণ আয়োজনের ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান, “তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
ঘটনাটি সামনে আসে গত মাসে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশের কে বি কনভেনশন হলে একটি গোপন বৈঠক ও প্রশিক্ষণকে ঘিরে। সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের অন্তত ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিএমপি পুলিশ।
পরে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়, যাতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, অবৈধ প্রশিক্ষণ এবং নিরাপত্তা বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়।
এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তা মেজর সাদিককে গত ১৭ জুলাই তার উত্তরার বাসা থেকে আটক করে সেনা গোয়েন্দারা। তাকে সেনা হেফাজতে নেওয়ার পর একটি আন্তঃবাহিনী তদন্ত আদালত গঠন করা হয়।
আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) এক বিজ্ঞপ্তিতে জানায়, “প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরিপূর্ণ তদন্ত শেষে প্রমাণ সাপেক্ষে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডিবি পুলিশ জানিয়েছে, মেজর সাদিকের সঙ্গে তার স্ত্রী সুমাইয়া জাফরিনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তদন্তে উঠে এসেছে, সুমাইয়া কনভেনশন হল ভাড়াসহ অন্যান্য লজিস্টিক সহায়তায় ভূমিকা রেখেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বিত তদন্ত চলমান রয়েছে। উচ্চপর্যায়ের কর্মকর্তারা বলছেন, বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সৈয়দ আসিফ আলী //এসসি//



