ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে সে অনুরোধের কোনো ইতিবাচক সাড়া আসেনি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (০৪ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। ভারত এখনো সাড়া দেয়নি। নতুন কোনো তথ্য নেই। বিচার শুরু হয়েছে, কেউ আসুক বা না আসুক—বিচার চলবেই।”
আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রয়োজন মনে করলে সরকার নিতে পারে। তবে এখন সেটি প্রয়োজন বলে মনে হচ্ছে না।”
ভারত থেকে ‘পুশ ইন’ প্রথাগত ফেরত পাঠানো ব্যবস্থার ব্যত্যয় বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, “ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর নিয়ম হচ্ছে—তালিকা পাঠিয়ে যাচাই-বাছাই করে ফেরত পাঠানো। কিন্তু ভারত তা না করে সরাসরি সীমান্তে পুশ ইন করছে, যা দুর্ভাগ্যজনক।”
তিনি বলেন, “আমরা যুদ্ধ করব না, তাই একমাত্র পথ হলো কূটনৈতিক আলোচনা। সাফল্য এখন আসছে না, তবে আমরা আশাবাদী।”
ড. ইউনূসের আসন্ন মালয়েশিয়া সফর প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা জানান, “চুক্তি হবে কি না এখন বলা যাচ্ছে না। তবে এটি বাংলাদেশকে অনেক অস্বস্তি থেকে মুক্তি দিতে পারে।”
সৈয়দ আসিফ আলী //এসসি//



