সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘সুমাইয়া জাফরিন’ নামে একজন নারীকে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে উপস্থাপন করার তথ্য সম্পূর্ণ ভুয়া, এমনটাই জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। শনিবার (২ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুক, টিকটক এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে ‘সুমাইয়া জাফরিন’ নামের এক নারীকে বাংলাদেশ পুলিশের এএসপি হিসেবে পরিচিত করানো হচ্ছে। বিষয়টি পুলিশ সদর দপ্তরের নজরে আসার পর যাচাই করে দেখা গেছে—বাংলাদেশ পুলিশের কোনো স্তরে এই নামে কোনো নারী কর্মকর্তা বর্তমানে কর্মরত নেই।
পুলিশ জানিয়েছে, এ ধরনের ভুয়া তথ্য ও পরিচয়ের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এক ধরনের প্রতারণা। কেউ যেন সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বহীন আচরণ না করে এবং তথ্য যাচাই ছাড়া কিছু শেয়ার না করে, সে বিষয়ে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, যদি কেউ পুলিশের নাম, পদমর্যাদা বা ইউনিফর্ম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ায় বা প্রতারণা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গুজব রোধে সক্রিয়ভাবে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানানো হয়েছে।
পুলিশ জনগণকে সচেতন থাকতে এবং বিভ্রান্তিমূলক কনটেন্টে প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানিয়েছে। বিশেষ করে, গুজব প্রতিরোধে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল ভূমিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সৈয়দ আসিফ আলী //এসসি//



