আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, ঘোষণাপত্রের পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি ও সাংবিধানিক স্বীকৃতি অবশ্যই নিশ্চিত করতে হবে।
শনিবার (২ আগস্ট) রাজধানীর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত জানাই। তবে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়েও সুরাহা হওয়া জরুরি। আমরা বেশিরভাগ বিষয়ের ওপর ঐকমত্যে পৌঁছেছি। বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট না হলে স্বাক্ষরের প্রশ্নই আসে না। আইনি ভিত্তি ছাড়া এটি কার্যকর হবে না।”
তিনি আরও বলেন, “সংস্কারের কাজ আমরা নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেব না। পরবর্তী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে এবং সেই সনদের ভিত্তিতেই গঠিত হবে সংসদ।”
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদের পতন ঘটেছে ঠিকই, কিন্তু ফ্যাসিবাদি রাষ্ট্রব্যবস্থা এখনো ভেঙে পড়েনি। আমরা চাই ৫ আগস্টের মধ্যেই জুলাই সনদের আইনি বৈধতা নিশ্চিত করা হোক।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি কেউ যদি জুলাইয়ের নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত হয়, তবে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
নতুন ঘোষণাপত্র এবং সনদকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি আগামী জাতীয় নির্বাচনের কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সৈয়দ আসিফ আলী //এসসি//



