রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উত্থাপন করে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী বিষয়টি সর্বোচ্চ গুরুত্বে বিবেচনা করে এবং গত ১৭ জুলাই রাজধানীর উত্তরা এলাকা থেকে ওই কর্মকর্তাকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে, এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বর্তমানে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সেনা আইনে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত সেনা কর্মকর্তার চাকরির দায়িত্বে অনুপস্থিত থাকার ব্যত্যয় সম্পর্কেও আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী একটি অরাজনৈতিক, শৃঙ্খলাপরায়ণ ও পেশাদার বাহিনী, যেখানে রাজনৈতিক সম্পৃক্ততার কোনো স্থান নেই। কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে সেনা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সেনাবাহিনী তাদের সব সদস্যের মধ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সাংবিধানিক দায়িত্ববোধ বজায় রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সৈয়দ আসিফ আলী //এসসি//



