দেশে বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে আদাবর থানা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সাইদুল ইসলাম(৩২)। তিনি পলাতক ওয়ার্ড কমিশনার হাসুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর সদস্য ছিলেন বলেও জানা গেছে।”
বৃহস্পতিবার(৩১ জুলাই) রাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ”গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ৩১ জুলাই ভোরে রাজধানীর শ্যামলী হাউজিং এলাকায় একাধিক গোপন বৈঠকের মাধ্যমে সাইদুল ইসলাম রাষ্ট্রবিরোধী ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। গত কয়েকদিন ধরেই সে বিভিন্ন জায়গায় গোপনে চলাফেরা করছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম দ্রুত আদাবর থানার শ্যামলী হাউসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুল ইসলাম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।যেগুলো যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে আরও অভিযান চালানো হবে।তার সহযোগীদের গ্রেপ্তারেও অভিযান চলবে বলে জানান তিনি।”
তিনি আরও জানান, ”পুলিশ ও গোয়েন্দা তথ্য অনুযায়ী সাইদুল ইসলামের বিরুদ্ধে আদাবর থানায় একাধিক ফৌজদারি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। একইসঙ্গে তিনি আদাবর এলাকার একটি সশস্ত্র গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন।গ্রেপ্তারকৃত সাইদুলকে আজ বিকেলে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।”
এসসি//



