সরকারি চাকরিতে শৃঙ্খলা ভঙ্গ এবং ছুটি শেষে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরের ছয়জন প্রকৌশলী ও স্থপতিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন:
- মনিরুজ্জামান মনি – উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল)
- আবদুল্লাহ আল মামুন – উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম)
- রাহানুমা তাজনীন – উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল)
- ফারহানা আহমেদ – নির্বাহী প্রকৌশলী (ই/এম)
- মফিজুল ইসলাম – সহকারী প্রকৌশলী (সিভিল)
- শিরাজী তারিকুল ইসলাম – সহকারী স্থপতি
তাদের বিরুদ্ধে বিনা অনুমতিতে অনুপস্থিতি, সরকারি দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হয়। রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনের মতামত অনুসরণ করে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানানো হয়।
বিশেষ তথ্য অনুযায়ী:
- মনিরুজ্জামান মনি টরন্টো বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল প্রোগ্রামে অংশগ্রহণ শেষে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর কর্মস্থলে ফেরেননি; বরখাস্ত হন ২১ এপ্রিল ২০২৫।
- আবদুল্লাহ আল মামুন পিএইচডি শেষে অনুপস্থিত থাকায় বরখাস্ত করা হয় ১৫ মে।
- রাহানুমা তাজনীন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াইয়োমিং থেকে ফিরেও কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত হন ২ জুলাই।
- ফারহানা আহমেদ রায়ারসন বিশ্ববিদ্যালয়, কানাডা থেকে কোর্স শেষে কর্মস্থলে ফেরেননি; বরখাস্ত হন ৮ জুলাই।
- মফিজুল ইসলাম বরখাস্ত হন ২৭ জুলাই এবং
- শিরাজী তারিকুল ইসলাম ২০২২ সাল থেকে অনুপস্থিত থাকায় বরখাস্ত হন ২১ মে।
চাকরিচ্যুতির ভিত্তি:
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী এই সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, “জনস্বার্থে সুশাসন নিশ্চিত করতে সরকার শূন্য সহনশীলতা নীতিতে অটল। দায়িত্বে অবহেলা বা শৃঙ্খলা লঙ্ঘনের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
সৈয়দ আসিফ আলী //এসসি//



