ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সিস্তান-বালুচিস্তানে ভয়াবহ গ্রেনেড হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে রাজ্যের রাজধানী জাহেদানে অবস্থিত ইরানের বিচারবিভাগীয় ভবনে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির বিচারসংক্রান্ত সংবাদমাধ্যম মিজান অনলাইন।
প্রতিবেদনে বলা হয়, “জাহেদানের বিচারভবনে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত গ্রেনেডে ঘটনাস্থলেই ৫ জন প্রাণ হারান, এবং অন্তত ১৩ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।”
এদিকে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) এর তথ্য অনুযায়ী, হামলার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং তিনজন হামলাকারীকে গুলি করে হত্যা করে।
সিস্তান-বালুচিস্তান পুলিশের উপ-কমান্ডার আলিরেজা দালিরি বলেন, “হামলাকারীরা দর্শনার্থী সেজে ভবনে প্রবেশ করে। পরে তারা নিজেদের সঙ্গে আনা গ্রেনেড ছুঁড়ে মারে। হতাহতদের মধ্যে একটি এক বছরের শিশু ও তার মা রয়েছেন।”
এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী ‘জইশ আল আদি’ (Jaish al-Adl)। গোষ্ঠীটির নামের অর্থ “ন্যায়বিচারের সেনাবাহিনী”। দীর্ঘদিন ধরে তারা ইরানের সিস্তান-বালুচিস্তানে সক্রিয় এবং এর আগেও একাধিক হামলায় জড়িত ছিল।
রাজধানী তেহরান থেকে প্রায় ১,২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত সিস্তান-বালুচিস্তান ইরানের সবচেয়ে দরিদ্র প্রদেশগুলোর একটি। পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তঘেঁষা এই এলাকা দীর্ঘদিন ধরে জঙ্গিগোষ্ঠীদের তৎপরতার শিকার।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সাত দশক ধরে চলা স্বাধীনতা সংগ্রামের প্রভাব সিস্তান-বালুচিস্তানেও পড়ে। এ অঞ্চলে জঙ্গি হামলা নতুন নয়।
সূত্র :এএফপি
এসসি//



