যুক্তরাষ্ট্র তার মধ্যপ্রাচ্য নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় এবার তারা সিরিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে এবং গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।
সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা
মঙ্গলবার ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান,
“সিরিয়ার স্থিতিশীলতার জন্য নতুন সুযোগ তৈরি করতে আমরা কিছু নিষেধাজ্ঞা শিথিল করছি। আমরা সিরিয়াকে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে দেখতে চাই।”
তিনি আরও বলেন, সিরিয়ার সব পক্ষ বর্তমানে সংঘাত বন্ধে সম্মত। সিরিয়া সরকারকে এখন তাদের নিজস্ব প্রতিষ্ঠানের ভেতরে থাকা সহিংসতা চালানোদেরও বিচারের আওতায় আনতে হবে।
গাজা যুদ্ধবিরতিতে নতুন উদ্যোগ
ব্রুস বলেন, গাজায় যুদ্ধবিরতির আলোচনা আবারও শুরু করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এই আলোচনার পাশাপাশি গাজার জন্য টেকসই মানবিক সহায়তা নিশ্চিত করতেও কাজ করছে যুক্তরাষ্ট্র।
তবে হামাসের বিরুদ্ধে তিনি কড়া অভিযোগ করেন,
“হামাস আগের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তারা মানবিক সংকটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”
বিশেষ করে জিকিম ক্রসিং এলাকায় ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় হামাসকেই দায়ী করেন তিনি।
যুক্তরাষ্ট্র ইউনেস্কো ত্যাগের ঘোষণা
মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার নিয়েও ব্যাখ্যা দেয়।
ব্রুস বলেন,
“ইউনেস্কোর পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া এবং ইসরায়েলের বিরুদ্ধে একপক্ষীয় আচরণ যুক্তরাষ্ট্র মেনে নিতে পারছে না। সে কারণেই ইউনেস্কো থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে।”
এসসি//



