ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলা ইরানের উদ্দেশ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য দেন।
আরাগচি বলেন, “ইসরায়েল ধ্বংস হোক” এমন বক্তব্য রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। এর মানে এই নয় যে ইরান কোনো রাষ্ট্র বা জনগণকে সরাসরি ধ্বংস করতে চায়। বরং এই বক্তব্যের মাধ্যমে ইসরায়েলের আধিপত্যবাদী ও নিপীড়নমূলক নীতির পতন কামনা করা হয়।
তিনি আরো বলেন, “আমরা কখনো সাধারণ মানুষ বা অন্য দেশের প্রেসিডেন্টকে হত্যা করার নীতিতে বিশ্বাসী নই। এমনকি নিজের দেশের বাইরে কোনো সাধারণ নাগরিককেও হত্যা করাকে আমরা সমর্থন করি না।”
এ সময় তিনি স্বীকার করেন, ইরান হামাস, হিজবুল্লাহ এবং হুথি বাহিনীর সঙ্গে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ এবং এই সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে। কারণ, এই গোষ্ঠীগুলো নিজেদের জনগণের অধিকার রক্ষার জন্য ন্যায্য লড়াই করছে বলে ইরানের বিশ্বাস।
যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে তিনি বলেন, “যেভাবে যুক্তরাষ্ট্র দশকের পর দশক ধরে ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে আসছে, তাতে বিশ্ববাসীর প্রশ্ন তোলা উচিত— এসব অস্ত্র দিয়ে ইসরায়েল কী করছে? সাধারণ মানুষ হত্যা ছাড়া আর কিছুই নয়।”
এই অভিযোগ প্রত্যাখ্যান করে আরাগচি বলেন, “এটি ভিত্তিহীন। ইরানের নীতিগত অবস্থান কখনোই এমন নয় যে আমরা অন্য দেশের ভূখণ্ডে গুপ্তহত্যা চালাবো।”
সূত্র : ফক্স নিউজ
এসসি//এসএএ//



