উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে কলেজের ৫ নম্বর ভবনের সামনে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।
✳️ শিক্ষার্থীদের ৬ দফা দাবি ছিল:
- নিহতদের নাম ও ঠিকানা প্রকাশ
- আহতদের নির্ভুল তালিকা প্রকাশ
- শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা
- ক্ষতিপূরণ প্রদান
- ঝুঁকিপূর্ণ ট্রেনিং প্লেন বাতিল
- বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার
আসিফ নজরুল জানান, সরকার এই দাবিগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
🔥 আন্দোলন থামেনি, শিক্ষার্থীদের অবরোধ ও স্লোগান
আইন উপদেষ্টার ঘোষণা দেওয়ার পরও শিক্ষার্থীরা “ভুয়া ভুয়া”, “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগান দিতে থাকেন। তারা পুলিশের দিকে জুতা ও প্লাস্টিক বোতল ছুড়ে মারেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কলেজ ভবনের চারপাশে অবস্থান নেয়।
এ সময় কলেজ ভবনের ভেতরে দুই উপদেষ্টা অবরুদ্ধ হয়ে পড়েন। নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয় পুলিশের সংখ্যা।
🕙 সকাল থেকে ছাত্র জমায়েত ও বিক্ষোভ
সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা মাইলস্টোন স্কুলের সামনের গোলচত্বরে জমায়েত হতে শুরু করেন। ১২টা ৩০ মিনিটের মধ্যে সরকার পক্ষের কেউ কথা না বললে উত্তরা বিএনএস সেন্টারের সামনে রাস্তা অবরোধের হুমকি দেয় তারা।
শিক্ষার্থীদের মতে, কেবল আশ্বাস নয়, দাবিগুলোর বাস্তবায়নের প্রমাণ চাই তারা। আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তারা।
এসসি//



