রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় অবসরপ্রাপ্ত এক মেজরের বাসায় ডাকাতির অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা ও এক সাবেক করপোরালসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পল্লবী থানা।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম বলেন, “এ ঘটনায় চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার প্রস্তুতি চলছে।”
রবিবার (২০ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর সড়কের একটি বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, পাঁচজন ব্যক্তি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওই বাড়িতে ঢুকে পড়েন। তারা দাবি করেন, বোরহান নামের একজন ব্যক্তি এখানে অবস্থান করছে। এরপর তারা বাসার মালিকের অনুপস্থিতিতে মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে চলে যায়।”
সন্দেহ করে ধাওয়া
পুলিশ জানায়, হারুনুর রশীদ নামের এক সোর্স তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে ধাওয়া দেন এবং ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। ঘটনাস্থল থেকে কিছু দূরে মিরপুর ১২ এনডিসি চেকপোস্টে পুলিশ ডাকাত দলের ব্যবহৃত গাড়িটি আটক করে এবং চারজনকে গ্রেপ্তার করে।”
আটকদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট ইফতেখার (অব.) ও করপোরাল মুকুল (অব.)। এছাড়া আরও দুজন সদস্যকেও আটক করা হয়েছে, যাদের পরিচয় তদন্তাধীন।”
তাদের কাছ থেকে পুলিশ পাঁচটি মোবাইল ফোন, সোনার গহনা ও হীরার সেট, একটি ল্যাপটপ, তিনটি ঘড়ি, কিছু প্রসাধনী এবং কয়েকটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।”
প্রাথমিক তদন্তে জানা গেছে, করপোরাল মুকুল এর আগে মিরপুর-১০ নম্বরে চায়ের দোকানে হারুনুর রশীদের সঙ্গে পরিচিত হন এবং পরিকল্পিতভাবে তাকে ‘অস্ত্রধারী সন্দেহভাজনের’ সন্ধানে ওই বাসায় নিয়ে যান।”
পুলিশের ধারণা, এটি একটি সংঘবদ্ধ চক্র, যারা বাহিনীর পরিচয়কে অপব্যবহার করে ডাকাতি চালাচ্ছিল।”
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের মূল পরিকল্পনাকারী ও অন্যান্য জড়িতদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। আটক চারজনের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সংশ্লিষ্ট থানা।”
এসসি//



