রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র সামুরাই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।”
শনিবার (১৯ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন—তারেকুল ইসলাম তুহিন ওরফে শান্ত (১৯), ইমন (২০), ফজলে রাব্বি (১৯) ও মো. রোমান (২০)।”
‘র্যাব-এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) খান আসিফ তবু জানান, সম্প্রতি মোহাম্মদপুরসহ র্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যম, স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়।’
এরই ধারাবাহিকতায়, ১৯ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং এলাকায় একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। তৎক্ষণাৎ সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা সবাই কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর সক্রিয় সদস্য। তারা প্রকাশ্য দিবালোকে বা রাতের আঁধারে পথচারীদের ভয়ভীতি ও অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদের দাপটে এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল।’
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য ও প্রাপ্ত আলামত বিশ্লেষণ করে ভবিষ্যতেও এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। ইতোমধ্যে মোহাম্মদপুর থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।’
এসএএ//



