রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডি ৩২ নম্বরে নিউ মডেল হাইস্কুলের বিপরীতে চাপাতি দেখিয়ে এক যুবকের ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। ছিনতাইয়ের পর ট্রাফিক পুলিশের সামনে দিয়েই নির্বিঘ্নে সরে পড়ে ছিনতাইকারী। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবককে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে ব্যাগ ছিনিয়ে নেয় এক ব্যক্তি। ঘটনাস্থলের পাশে থাকা একাধিক পথচারী বিষয়টি লক্ষ্য করলেও কেউ এগিয়ে আসেননি। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে—এই ঘটনার সময় সেখানে দায়িত্বে ছিলেন অন্তত তিনজন ট্রাফিক পুলিশ সদস্য, যাঁরা ছিনতাইকারীর পাশ দিয়ে সরে যেতে দেখেন; কিন্তু কোনো প্রতিক্রিয়া জানাননি।”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নাগরিক মহলে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, “পুলিশের চোখের সামনে এভাবে ছিনতাই হলে সাধারণ মানুষ কোথায় যাবে?”
এ বিষয়ে যোগাযোগ করা হলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন,
“ছিনতাইয়ের সময় সেখান থেকে অনেক দূরপাল্লার বাস ছাড়ছিল। ফলে ট্রাফিক পুলিশ সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন। বিষয়টি তাঁরা খেয়াল করতে পারেননি।”
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। তবে অভিযোগ না পেলেও ছিনতাইকারীকে চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে।”
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই প্রকাশ করে। বিশেষ করে রাতের শহরে সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে, তা আরও একবার প্রমাণিত হলো এই ঘটনার মাধ্যমে।”
এসসি//



