রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় আক্তার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯ টার দিকে রায়েরবাজার সাদেক খান মার্কেট সংলগ্ন আড়তের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার আক্তার হোসেনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানকার ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।”
আক্তার হোসেন জানান, “আমার একটি কাঁচা বাজারের দোকান রয়েছে সাদেক খান আড়তে। আজ সকালে হঠাৎ করে রাহিম, পলাশ, আসাদুল, সূর্যসহ ৭-৮ জন মিলে আমাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। তারা সবাই এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী। আমার বিরুদ্ধে সন্দেহ করে যে, আমি পুলিশ দিয়ে এলাকায় মাদকবিরোধী অভিযান করাচ্ছি।”
তিনি আরও বলেন, “রায়েরবাজার পুলিশ ফাঁড়ি প্রায়ই বোড়ঘাট এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে অভিযান পরিচালনা করে। এ কারণে তারা আমার উপর ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছে।”
এ বিষয়ে মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি এবং তদন্ত শুরু করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আহত ব্যক্তির সাথেও কথা বলে ঘটনার বিস্তারিত জানা গেছে।”
স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা চলছে। যারা এর বিরুদ্ধে সোচ্চার হন, তারা হামলার শিকার হন বারবার।”
এসসি//



