ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আরও এক ধাপে তীব্র আকার ধারণ করেছে। সোমবার রাতে ইরান রাডার ফাঁকি দিতে সক্ষম উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে জানান, “আজকের অভিযানে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে যা শনাক্ত করা বা বাধা দেওয়া অসম্ভব।” তিনি আরও বলেন, “এটি ইসরায়েলিদের জন্য একটি আকস্মিক চমক, এবং এমন চমক তারা আরও পাবে।”
ইসরায়েল প্রস্তুত নয় দীর্ঘমেয়াদি যুদ্ধে, দাবি তেহরানের
জেনারেল তালায়ি-নিক বলেন, ইসরায়েল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত নয়। তবে ইরান এখনো তার পূর্ণ সামরিক শক্তি ব্যবহার শুরুই করেনি। “আমাদের সক্ষমতা অনেক বিস্তৃত ও আধুনিক, যার খুব সামান্য অংশই এখন পর্যন্ত ব্যবহৃত হয়েছে।”
ড্রোন প্রতিহত ও গুপ্তচর তথ্য সংগ্রহ ব্যর্থ করার দাবি
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ২৮টি শত্রু বিমান শনাক্ত ও প্রতিহত করেছে। এর মধ্যে একটি ছিল গুপ্তচর ড্রোন, যেটি ইরানের সংবেদনশীল এলাকায় তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।
এর আগেও ইরান দাবি করেছিল, তারা ইসরায়েলের একাধিক এফ-৩৫ স্টিলথ জেট ও ড্রোন ভূপাতিত করেছে। যদিও এই দাবির পক্ষে কোনো নিরপেক্ষ প্রমাণ (যেমন ধ্বংসাবশেষের ছবি বা স্যাটেলাইট ইমেজ) এখন পর্যন্ত প্রকাশ করেনি তেহরান।
ইসরায়েলের প্রতিক্রিয়া: ইরান প্রচারণা চালাচ্ছে
অন্যদিকে, ইসরায়েল এসব দাবি সরাসরি উড়িয়ে দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন বলেন, “তেহরানে আমাদের চলমান অভিযানে কোনো বিমান বা পাইলট ক্ষতিগ্রস্ত হয়নি। বরং ইসরায়েল ইরানের আকাশে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।”
এসসি//



