শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে বৈধ পথে আরও জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। সোমবার(৫ মে) সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “ইতালিতে বাংলাদেশের বহু মানুষ কাজ করছেন। আমরা পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা করেছি। তারা বাংলাদেশ থেকে আরও বেশি লোক নিতে আগ্রহী, তবে বলেছেন– যেন সঠিক চ্যানেলে ও যথাযথ ভিসা প্রক্রিয়ায় কর্মীরা ইতালিতে যান।”

তিনি আরও বলেন, “অনেক সময় দেখা যায় কেউ সৌদি আরব বা লিবিয়ার ভিসা নিয়ে যান, পরে সেখান থেকে অবৈধভাবে ইতালি চলে যান। তারা অনুরোধ করেছেন, এ ধরনের প্রক্রিয়া যেন আর না হয়। বাংলাদেশি কর্মীরা যেন সরাসরি ইতালির ভিসা নিয়ে বৈধভাবে যান।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ইতালি সরকার বাংলাদেশিদের শ্রমনিষ্ঠা ও দক্ষতার প্রশংসা করেছে। তারা বলেছেন, “বাংলাদেশিরা কঠোর পরিশ্রমী এবং ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।”

ইতালিতে কতজন বাংলাদেশি কাজ করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “সঠিক সংখ্যা আমার জানা নেই, তবে ধারণা করি, লাখ খানেক বাংলাদেশি ওখানে কর্মরত আছেন। তারা আরও লোক নেবেন, তবে প্রোপার চ্যানেলই একমাত্র পথ।”

অবৈধ বাংলাদেশিদের বিষয়ে ইতালি সরকার কোনো সরাসরি অভিযোগ না করলেও বাংলাদেশ সরকার অনুরোধ করেছে—যারা ইতিমধ্যে গেছেন, তাদের মধ্যে উপযুক্তদের যেন বৈধতা দেওয়া হয়।

ইতালির সঙ্গে চুক্তির বিষয়ে তিনি বলেন, “আমাদের একটি সমঝোতা চুক্তি রয়েছে, যা আরও জোরদার করা হতে পারে। এখনো তা চূড়ান্ত হয়নি।”

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে পুলিশ, কোস্টগার্ড ও বিজিবির প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতার অনুরোধ করা হয়। ইতালি এ বিষয়ে একমত হয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতও সীমিতভাবে বাংলাদেশিদের জন্য আবার ভ্রমণ ভিসা চালু করেছে, যা অভিবাসন পরিস্থিতিতে আশার আলো যোগ করছে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য