➡গাজীপুরের জয়দেবপুর থানার মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশু সহ পাঁচজন দগ্ধ হয়েছে।’
রবিবার(২৭ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে। রাত পৌনে এগারোটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।°
দগ্ধরা হলেন—সীমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) ও তার মেয়ে তানজিলা বেগম (১০)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান।তিনি জানান,গাজীপুর থেকে নারী ও শিশুসহ মোট পাঁচজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে সিমা আক্তারের শরীরের ৯০ শতাংশ, পারভীনের শরীরের ৩২ শতাংশ, তানজিলার শরীরের ৯০ শতাংশ, তাসলিমার শরীরের ৯৫ শতাংশ এবং শিশু আয়ানের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে তাসলিমা ৫ মাসের অন্তঃসত্ত্বা। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান তিনি। তাদের সকলকেই ফিমেল এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে।
দগ্ধ সীমার স্বামী মোঃ আলহাজ জানান, আমি এবং আমার স্ত্রী সীমা আমরা দুজনেই গার্মেন্টস কর্মী। আজ সন্ধ্যার দিকে পাশের বাড়িতে রান্নার কাজ চলছিল। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের গোল্লা এসে আমার স্ত্রী ও এক শিশুসহ মোট পাঁচজন শরীরে দগ্ধ হয়। প্রথমে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতের দিকে তাদের জাতীয় বার্ন ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।’
এসসি//



